বড় পর্দায় শীঘ্রই হাতেখড়ি হতে চলেছে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের নাতনি জ়ানাই । কিন্তু তরুণী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ক্রিকেটারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায়। জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। ২০০২ সালের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম জ়ানাইয়ের। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের নাতনি। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল জ়ানাইয়ের। সাত বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া শুরু। শুধু তা-ই নয়, পশ্চিমি অপেরা গাইতেও শেখেন তিনি। উচ্চশিক্ষার জন্য মুম্বই ছেড়ে সুইৎজ়ারল্যান্ড চলে যান জ়ানাই। পড়াশোনা শেষ করে আবার মুম্বই ফেরেন তিনি। গানের পাশাপাশি নাচের প্রতিও ঝোঁক রয়েছে জ়ানাইয়ের। ২০১৬ সালে ইংল্যান্ডের একটি অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়োন তিনি।শোনা যায়, ২০১৭ সালে মুম্বইয়ের হিল রোডে অ্যাপ্ল সংস্থার একটি শোরুমও খোলেন জ়ানাই। ২০১৭ সালে একটি ব্যান্ডের সঙ্গে হাত মেলান জ়ানাই। যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার মাধ্যমে সেই গানের ব্যান্ডের হাতেখড়ি হয়। জানা যায়, সেই ব্যান্ডের সকল সদস্যই ছিলেন রূপান্তরকামী। সেই ব্যান্ডের জন্য গান গেয়েছিলেন জ়ানাই। অবসর সময় মার্শাল আর্টস শেখেন জ়ানাই। খ্যাতনামী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে জ়ানাইয়ের। একসঙ্গে জিমে গিয়ে শরীরচর্চাও করেন তাঁরা।শোনা যায়, ২০২০ সালের এপ্রিল মাসে নিজের নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন জ়ানাই। মাঝেমধ্যে আশার সঙ্গে মঞ্চে গাইতেও দেখা গিয়েছে জ়ানাইকে। বলি অভিনেত্রী শ্রদ্ধা কপূরের খুড়তুতো বোন জ়ানাই। বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। ‘দ্য প্রাইড অফ ভারত— ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে জ়ানাইকে। ২০২৪ সালে জ়ানাই ঘোষণা করে জানিয়েছিলেন যে, বড় পর্দায় অভিনয় করলেও ছোটখাটো চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে সেই ছবি মুক্তি পাওয়ার কথা।সম্প্রতি জ়ানাইয়ের গাওয়া একটি গান মুক্তি পেতে চলেছে। সমাজমাধ্যমে পোস্ট করে সেই কথাই জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে জ়ানাইয়ের অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় জ়ানাইয়ের অনুগামীর সংখ্যা দু’লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। সম্প্রতি ২৩ বছরে পা দিয়েছেন জ়ানাই। সমাজমাধ্যমে জন্মদিন উপলক্ষে কিছু ছবি পোস্ট করেন তিনি। ছবিতে বলি অভিনেতা জ্যাকি শ্রফের পাশাপাশি দেখা গিয়েছে আশাকেও। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ‘মুঞ্ঝ্যা’ ছবির অভিনেতা অভয় বর্মাও। তবে আলোচনা শুরু হয় জ়ানাইয়ের সঙ্গে মহম্মদ সিরাজের একটি ছবি নিয়ে।

