ব্যুরো প্রধান
গুম ও হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ড শেষে পঞ্চজড় কারাগারে পাঠানো হয়েছে। আর মেহেরপুরে সন্ত্রাস দমন মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-হত্যাসহ নানা অভিযোগের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৬৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো প্রধান,
পঞ্চগড় : তিন দিনের রিমান্ড শুনানি শেষে পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনকে গতকাল কারাগারে পাঠান আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে প্রেরণ করেন। তবে এদিন সুজনের আইনজীবীরা জামিনের আবেদন করেননি। এ ছাড়া তিনি ১৬৪ ধারায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেননি বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুজনকে আদালতে তোলার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ইজিবাইকচালক আল আমিন গুম ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেহেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা সন্ত্রাস দমন ও জামায়াতনেতা তারিক হত্যা মামলার আসামি সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনেকে গতকাল আদালতে হাজির করা হয়। একই মামলায় মন্ত্রীর ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল এবং ভগ্নিপতি ও জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে হাজির করা হয়। জব্বার হত্যা মামলারয় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে ফরহাদ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে সরফরাজ হোসেন মৃদুলকে দুটি মামলায় দুই দিন করে ৪ দিন এবং আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুটি মামলায় মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
চট্টগ্রাম : গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে চট্টগ্রামে কঠোর অবস্থানে মহানগর পুলিশ। নিয়মিত অভিযান চলছে
নগরীতে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করা মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী।
কুড়িগ্রাম : কলেজছাত্র আশিক হত্যার মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে গতকাল দুপুরে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর : সরিষাবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গত রবিবার রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। জামালপুর শহরের গেটপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আশরাফুল আলম ওরফে মানিক। তিনি সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউপির চেয়ারম্যান।
পাবনা : পুলিশের গাড়ি থেকে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। এর আগে বিকালে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৮ পুলিশ সদস্য আহত হন বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান। পরে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা করেন। এ ছাড়াও আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জসিমউদ্দীন হল ছাত্র সংসদের সাবেক ভিপি ফরহাদ আলীকে গতকাল সকালে উল্লাপাড়া উপজেলার দত্তখাড়ুয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ ওই গ্রামের হাসান আলীর ছেলে। তিনি এলাকায় ভিপি ফরহাদ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈশ^রদী (পাবনা) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীর যুবলীগ নেতা রকিকে গত রবিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত নওশাদ আলীর ছেলে। ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ১৮ আগস্ট থানায় মামলা হয়। ওই মামলায় রকি এজাহার নামীয় আসামি।
লক্ষ্মীপুর : জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গতকাল সকালে শহরের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রহত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দিনাজপুর : চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।



