সাংবাদিক ও কলমিস্ট এবিএম মূসার ৯৪তম ও নারী সাংবাদিক সেতারা মূসার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান আজ।
বৃহস্পতিবার সকাল ১১টায় এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আজীবন সম্মাননা প্রদান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের অনারারী জীবন সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক এমডি আমান উল্লাহকে এ অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম সুলতানা মূসার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ‘সাহিত্য ও সাংবাদিকতার আন্তঃসম্পর্ক’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপনা করবেন কবি, লেখক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
এবিএম মূসা ১৯৩১ সালে তার নানার বাড়ি ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ই এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবিএম মূসা দীর্ঘ ৬৪ বছর ধরে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ থেকে তার সাংবাদিকতার জীবন শুরু হয়। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন। স্বাধীনতার পর তিনি বিটিভি’র মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক ছিলেন। এবিএম মূসা একুশে পদকসহ দেশী-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।সেতারা মূসার জন্ম ১৯৪০ সালের ২৮শে ফেব্রুয়ারি কুমিল্লার লাকসামের নানার বাড়িতে। ১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতা থেকে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন। প্রথমে নারী শিক্ষা মন্দির ও পরে কামরুন্নেসা স্কুলে পড়াশোনা করেন। নবম শ্রেণিতে পড়া অবস্থায় এবিএম মূসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর দৈনিক পূর্বদেশ- এর নারী পাতায় দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি রেডিও এবং টিভিতে ছোট একাঙ্কিকা লিখতেন, অংশ নিতেন নানা অনুষ্ঠানে। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজও করেন।
এবিএম মূসা ও সেতারা মূসার জন্মবার্ষিকী আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ
আপডেট:

