বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

শুভ জন্মদিন সাইমুম অসাধারণ অভিনেতা ও দুর্দান্ত এক নির্দেশক

আপডেট:

নাসির উদ্দিন সাইমুম ভাই। একজন নাটকের মানুষ। অসাধারণ অভিনেতা ও দুর্দান্ত এক নির্দেশক। ‘ফেনীর নাট্যজগত আর সাইমুম ভাই’ বিগত কয়েক দশক ধরে সমার্থক শব্দে পরিণত হয়ে আছে। তিনি ফেনীতে সুবচন নাট্যদলের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য হলেও এই অঞ্চলে যে কোনো সংগঠনের মঞ্চ বা পথনাটক হবে, আর সেখানে তাঁর নিঃস্বার্থ উদার সহযোগিতা থাকবেনা তা কল্পনা করাও কঠিন।এই উদার ও অপার্থিব সাইমুম ভাইকে আমি যতোটা গুরু ও বড়ভাই মান্য করি ঠিক ততটাই বন্ধু ভাবি। সেই আস্কারা কিংবা স্বাধীনতা তাঁর কাছ থেকে পেয়ে আসছি গত তিনযুগ…। আমি ধূমপান ছেড়েছি সেই কবে, তবে এখনো বছরে কমপক্ষে বার দু’য়েক ধুমপান করি যখন সাইমুম ভাইয়ের সঙ্গে দেখা হয়। কেন জানি তখন তাঁর কাছ থেকে চেয়ে ধুমপান করতে ভালো লাগে। ওই ধুমপানটুকু যেনো আমাকে তারুণ্যে ফিরিয়ে নিয়ে যায়।
দেশে ও বিদেশের অনেকের নাটক দেখা হয়েছে আমার, কেউ যদি আমাকে বলে তোমার দেখা সেরা পাঁচজন নির্দেশকের নাম বলো, তাহলে সাইমুম ভাইয়ের নামটা ওখানে উপরের দিকেই রাখবো।বায়েজিদ বোস্তামীর মাতৃভক্তির গল্প শুনেছি। ওই মহান মানুষটাকে দেখা হয়নি যুগ-কালের তফাতে আমার ধরায় আগমনের কারণে। তবে আমার কাছে সাইমুম ভাইকে একালের বায়েজিদ বোস্তামী মনে হয়। সাইমুম ভাইয়ের শখ ও নেশা কিংবা যে কাজটা সুচারুভাবে করার জন্যে তাঁকে বিধাতা বসুন্ধরায় পাঠিয়েছেন, সেই কাজটি তিনি করতে হলে নিজ শহর থেকে হিজরত করা ওয়াজিব ছিলো। কিন্তু তিনি ফেনী ছেড়ে কোত্থাও যাবেন না, কারণ ফেনীতে যে তাঁর মা আছেন। ওইদিকে মায়ের চোখে সাইমুম ভাইও যে এখনো সেই ছোট্ট ‘সামু’ই রয়ে গেছেন। এ এক অসাধারণ পবিত্রস্নেহের বন্ধন…!
আজ আমাদের এই ছোট্ট ‘সামু’র ১২০তম জন্মদিন! বিশ্বাস না হলে তাঁর ফেসবুক আইডি’তে ঘুরে আসুন।
সে বছরটা যাই হোক জন্মদিনতো আজ, তাতেই সই।
শুভ হোক জন্মদিন আমাদের সাদা মনের মানুষ সাইমুম ভাই, আপনি ও আপনার পরিবারে পরিজনে সুস্থ, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ থাকুন, ফি আমানিল্লাহ্।

-তানভীর আলাদিন
প্রধান সমন্বয়কারী, ফেনী থিয়েটার।
সিনিয়র (স্পেশাল) সাংবাদিক, বাসস।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত