তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধাদের পাঠানোর ক্ষেত্রে সন্ত্রাসবাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়।আলী লারাইদ ইসলামপন্থী দল এননাহদার নেতা ছিলেন। ২০১১ সালের আরব বসন্তের পর তিউনিসিয়ায় অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন এবং বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদের কড়া সমালোচক হিসেবে পরিচিত।তার আইনজীবী ওসামা বুথেলজা জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং তিউনিসিয়ান নাগরিকদের জিহাদি গোষ্ঠীতে পাঠানোর অভিযোগে লারাইদকে গ্রেফতার করা হয়।তবে লারাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।এ প্রসঙ্গে ১৮ এপ্রিল তিনি তিউনিসিয়ার প্রসিকিউটর অফিসে লেখা এক চিঠিতে বলেন, ‘আমি অপরাধী নই, বরং ভুয়া মামলার শিকার। ’শুক্রবার আদালতের দেওয়া রায়ে নিরাপত্তা বাহিনীর সাবেক দুই সদস্য ফাতি আল-বালদি ও আব্দুল করিম আল-আবিদিকেও ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

