বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সচিবালয়, এনবিআর, নগর ভবন অচল

আপডেট:

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে আন্দোলনে গতকাল দিনভর প্রায় অচল ছিল প্রশাসনের কেন্দ্র সচিবালয়। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-কে কালাকানুন উল্লেখ করে তা বাতিলের দাবিতে এই আন্দোলন করছেন সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদ। তাদের চলা আন্দোলনের মধ্যেই গতকাল রাতে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করেছে সরকার। ওদিকে প্রায় দুই সপ্তাহ ধরে কর্মবিরতির কারণে অচলাবস্থা বিরাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এ। গতকাল দিনভর কর্মবিরতি শেষে বিকালে আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে। নতুন কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় ৩১শে জুলাইয়ের মধ্যে এনবিআর ভাগ করার অধ্যাদেশ সংশোধন করার প্রতিশ্রুতি দেয়। এরপরই ঐক্য পরিষদ তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। তবে অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। এনবিআর-এ প্রায় দুই সপ্তাহ ধরে কর্মবিরতি ও অসহযোগ চলায় এই প্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের অচলাবস্থাও কাটেনি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেয়ার দাবিতে গতকালও নগর ভবন অবরুদ্ধ করে কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সচিবালয়ে দিনভর বিক্ষোভ, অচলাবস্থা সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দিনভর বিক্ষোভ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো তারা এই বিক্ষোভ-মিছিল করেন। এতে কাজে স্থবিরতা দেখা দেয় সচিবালয়ে। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াটিকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আন্দোলন হচ্ছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়া হয়।এদিকে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় শত শত কর্মকর্তা-কর্মচারী জড়ো হতে থাকেন। ১০টা নাগাদ বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীতে পূর্ণ হয়ে যায় সচিবালয়ের এ চত্বর। ১০টার কিছু পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের মিছিল শুরু হয়। এরপর সেখানে যোগ দেন সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সংযুক্ত পরিষদের অপর অংশ। আন্তঃমন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশনসহ কর্মকর্তা-কর্মচারীদের অন্যান্য সংগঠন যোগ দেয় মিছিলে। মিছিল করার সময় কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের কর্মচারী ‘এক হও লড়াই করো’, ‘অবৈধ কালো আইন, মানি না, মানবো না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে নতুন ভবন, ক্লিনিক ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে আসে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করতে থাকেন। এরপর তারা বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে ৪ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে তার দপ্তরে দেখা করতে যান। তবে তিনি দপ্তরে ছিলেন না।অর্থ মন্ত্রণালয়ের বিবৃতির পর কর্মবিরতি প্রত্যাহার কর্মকর্তাদের অর্থ মন্ত্রণালয় থেকে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকের অধ্যাদেশ সংশোধনের ঘোষণা আসার পর অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষদ এই তথ্য জানায়। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে, এনবিআর বিলুপ্ত হবে না; বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। একইসঙ্গে, জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে টেকসই রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই প্রত্যয়কেও আমরা স্বাগত জানাই। এর ফলে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব এজেন্সি প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করলো বলে আমরা মনে করি। সরকারের এই ঘোষণার ফলে আমাদের এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর নিকট প্রমাণিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আগামীকাল (আজ) থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে, আমাদের দ্বিতীয় দাবি এখনো পূরণ হয়নি। আমরা আশা করছি, সরকার খুব শিগগিরই আমাদের দ্বিতীয় দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দেশবাসীকে কথা দিয়েছিলাম আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করবো। সে মোতাবেক প্রয়োজনের নিরিখে অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি। আগামীকাল দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
এদিকে এর আগে গতকাল বিকালে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদ জানায়, সোমবার থেকে দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কর্মসূচি পালন করা হবে। সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা, ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি কর্মবিরতির আওতামুক্ত থাকবে।এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এমন ঘোষণার পরপরই অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তি থেকে কিছু অস্পষ্টতা রয়ে গেছে, তা প্রতীয়মান হচ্ছে। এ বিষয়ে নিম্নরূপ অধিকতর স্পষ্টীকরণ করা হলো। প্রথমত, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। দ্বিতীয়ত, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে এনবিআর শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কীভাবে প্রণীত হবে, তা এনবিআর, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। তৃতীয়ত, এনবিআর শক্তিশালী করা এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথক করার আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে। প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় আরও জানায়, সরকার আশা প্রকাশ করছে যে এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সব উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সব দপ্তর অবিলম্বে পূর্ণোদ্যমে কাজ শুরু করবে। অর্থ মন্ত্রণালয়ের এমন প্রেস বিজ্ঞপ্তির পর পূর্ণাঙ্গ কর্মবিরতি প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত