এক হাজার টাকায় স্ত্রীকে তিনজনের হাতে তুলে দেয় স্বামী, পরে ধর্ষণ শেষে হত্যা করে তিন নরপশু। এক হাজার টাকার লোভে নিজ স্ত্রী হালিমা (১৭) বেগমকে তিন ধর্ষকের হাতে তুলে দেয় পাষণ্ড ও মাদকসেবী স্বামী রাসেল ওরফে রানা (৩০)। পরে রাতভর পালাক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয় খালের ময়লা-আবর্জনার স্তূপে। পুলিশ গত শনিবার (৭ই মে) সকালে হালিমার মরদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে রাতে লাশ শনাক্ত করে ওই রাতেই পুলিশ স্বামী রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম কলাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ রাসেলকে জিজ্ঞাসাবাদ করে এসব নৃশংস খবর নিশ্চিত করে রাসেলের সহযোগী শুভ হাওলাদার (২৩), মো. জালাল (৪৫) ও মাসুমকে (২২) গ্রেপ্তার করে। বর্তমানে আসামিরা জেল হাজতে রয়েছে।জানা যায়, ঘটনার দিন কলাপাড়া পৌরশহরের রহমতপুর মহল্লার একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে হালিমাকে আটকে রেখে রাতভর ওই তিন নরপশু পালাক্রমে ধর্ষণ করে। এ সময় হালিমার মুখে কাপড় গুঁজে দেয়া হয়, যেন সে চিৎকার করতে না পারে। একপর্যায়ে হতভাগী নির্যাতনে অচেতন হয়ে পড়লে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরে পাশের ময়লা- আবর্জনার স্তূপে খালের মধ্যে হালিমার মৃতদেহ ফেলে রাখা হয়। এ ঘটনার দুইদিন পরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পচনধরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

