খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত নেতা মোল্লা মাহবুবুর রহমান (৩০)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী। নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপরও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা মাহবুবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। এ সংবাদ শুনে খুমেক হাসপাতালে আসেন মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা চৌধুরী নাজমুল হুদা সাগর, নগর যুবদলের সভাপতি আব্দুল আজিজ সুমন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দলের নেতাকর্মীরা।

