শুক্রবার, মার্চ ৬, ২০২৬

জুলাই ঘোষণাপত্র’ পাঠে লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আপডেট:

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসবে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে। আট জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এজন্য আমরা তাদের আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি।তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ট্রেন ভাড়া দিই। আমরা জামায়াতকে দিয়েছি, আজকে (রবিবার) ছাত্রদল আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া করেছে। একইভাবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এসব ট্রেন ভাড়া দিয়েছি।নির্ধারিত সূচি অনুযায়ী, দূরবর্তী জেলা যেমন রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে ও ৫ আগস্ট ভোরে। আর ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে। অনুষ্ঠান শেষেই রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে।রেলওয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা ১৪ কোচের ট্রেনের জন্য সাড়ে ১০ লাখ টাকা। চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে ৭ লাখের কিছু বেশি। এ ছাড়া রাজশাহী, সিলেট, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকেও ভিন্ন ভিন্ন আসন সংখ্যা ও ভাড়ায় ট্রেন চলবে।অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত