এম,এ কাসেম /
স্বপ্ন যাবে বাড়ি আমার” – ওমান প্রবাসীর সেই স্বপ্ন পরিণত হলো দুঃস্বপ্নে, সড়ক দুর্ঘটনায় হারালেন ৭ স্বজনকে, আড়াই বছর পর প্রবাস থেকে দেশে ফিরছিলেন লক্ষ্মীপুরের বাসিন্দা মো. বাহার উদ্দিন। বিমানে ওঠার আগে ওমানের বিমানবন্দর থেকে ফেসবুকে ছবি আপলোড দিয়ে তিনি লিখেছিলেন, “স্বপ্ন যাবে বাড়ি আমার”। কিন্তু তার সেই বাড়ি ফেরার স্বপ্ন যে এমন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে, তা কেউ কল্পনাও করেনি। তাকে বরণ করে নিতে বিমানবন্দরে যাওয়া পরিবারের ৭ সদস্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।আজ বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাহারের মা, স্ত্রী, মেয়ে, নানি, ভাইয়ের স্ত্রী এবং দুই ভাতিজিসহ সাতজনের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাহার এবং পরিবারের আরও কয়েকজন সদস্য।স্থানীয় সূত্রে জানা যায়, বাহারকে আনতে তার পরিবারের সদস্যরা মাইক্রোবাসে করে ঢাকা গিয়েছিলেন। ফেরার পথে চালক ঘুমিয়ে পড়লে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।চালকসহ কয়েকজন দ্রুত বেরিয়ে আসতে পারলেও নারী ও শিশুরা গাড়ির ভেতরে আটকা পড়ে। লক হয়ে থাকা দরজার কারণে তাদের আর রক্ষা করা সম্ভব হয়নি।
এক নিমিষে পরিবারের সাতজন সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাহার। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের বাড়িতে এখন কেবলই আহাজারি আর শোকের মাতম। যে পরিবারের সদস্যরা প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দে বিভোর ছিল, তারাই এখন শোকে পাথর। এই শোক কাটিয়ে ওঠার ভাষা যেন কারো জানা নেই।


