বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গড় বুদ্ধিমত্তা বা আইকিউ (ইন্টেলিজেন্স কোশেন্ট) নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এক তালিকায় বাংলাদেশের অবস্থান বেশ নিচের দিকে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম এবং দেশের গড় আইকিউ স্কোর ৭৪.৩৩।আইকিউ মূলত মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা পরিমাপের একটি সূচক, যাকে বাংলায় বলা হয় ‘বুদ্ধিমত্তা’। সাধারণভাবে মানুষের বিশ্লেষণক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার গতি এবং যুক্তিভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতার ভিত্তিতে আইকিউ নির্ধারণ করা হয়। যদিও এটি পরিমাপের একাধিক পদ্ধতি রয়েছে, তবু নির্দিষ্ট কোনো একক সূত্রে আইকিউ নির্ধারিত হয় না।এই তালিকাটি তৈরি করা হয়েছে ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের পরিচালিত বিভিন্ন বহুল আলোচিত গবেষণার তথ্যের ওপর ভিত্তি করে।
সর্বশেষ ২০২২ সালে প্রকাশিত এই সূচকে দেশভিত্তিক গড় আইকিউয়ের পাশাপাশি ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইনডেক্স (আইসিআই) এবং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিআইএসএ)–এর ফলাফলও অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনা তৈরি হয়।তালিকায় ১০৬.৪৮ গড় আইকিউ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে জাপান। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে তাইওয়ান (১০৬.৪৭) এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুর (১০৫.৮৯)। প্রথম ছয়টি অবস্থানের সবগুলোই পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর দখলে। এর মধ্যে হংকং, চীন ও দক্ষিণ কোরিয়াও রয়েছে শীর্ষ তালিকায়।
সপ্তম স্থান থেকে ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি শুরু হয়। বেলারুশ, ফিনল্যান্ড, লিচেনস্টাইন ও জার্মানি শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। লক্ষণীয় বিষয় হলো-এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রথম দশে স্থান পায়নি।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে পিছিয়ে। একই তালিকায় ভারত রয়েছে ১৪৩তম স্থানে, যেখানে তাদের গড় আইকিউ ৭৬.৭৪। পাকিস্তান ১২০তম অবস্থানে রয়েছে, তাদের স্কোর ৮০। এমনকি যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত আফগানিস্তানও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। দেশটির অবস্থান ১০৩তম এবং গড় আইকিউ স্কোর ৮২-এর বেশি।এশিয়ার আরও কয়েকটি দেশ-মিয়ানমার, ইরাক, থাইল্যান্ড, ভুটান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াও এই সূচকে বাংলাদেশের ওপরে অবস্থান করছে।তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে নেপাল, যেখানে গড় আইকিউ স্কোর মাত্র ৪২.৯৯। অন্যদিকে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ২৯তম, রাশিয়া ৩৫তম এবং ইউক্রেন ৫৭তম স্থানে রয়েছে।বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫ হলে তা গড় বা স্বাভাবিক বুদ্ধিমত্তা হিসেবে ধরা হয়। ১৩০ বা তার বেশি স্কোর পাওয়া ব্যক্তিদের উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়। আর আইকিউ যদি ১৬০ ছাড়িয়ে যায়, তাহলে তাকে ব্যতিক্রমী প্রতিভা বা ‘জিনিয়াস’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
বাংলাদেশিদের গড় বুদ্ধি বিশ্বে সর্বনিম্ন স্তরে বুদ্ধিতে প্রথম জাপান
আপডেট:

