নোয়াখালী হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে শুক্রবার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান ও তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করে।হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ অন্য একজন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, ‘নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

