এবার ‘ঈদ বোনাস’ পাচ্ছেন এমপিওভুক্ত ৪ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিকস ফান্ড ট্রান্সফারের (ইএফটি) জন্য পাঠানো হয়েছে।এখন বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে। সে ক্ষেত্রে আগামী রোববার (১৫ মার্চ) শিক্ষকরা বোনাসের টাকা পেতে পারেন। এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় করা হয়েছে বলেও জানিয়েছে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র।মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে আমরা সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছি। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে হবে। এটা করতে এক কর্মদিবস লাগতে পারে। সে ক্ষেত্রে আজ (বৃহস্পতিবার) এ কাজ শেষ হতে পারে। আজ না পেলেও শিক্ষক-কর্মচারীরা রোববার থেকে ঈদ বোনাস পাবেন বলে আশা করছি।মাউশি সূত্র জানায়, প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান। অনলাইন বিল জমার পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

