শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মার্কিন সহযোগিতা ছাড়াই রাশিয়াকে মোকাবিলা করা সম্ভব ইউরোপের : বেলজিয়ামের সেনাপ্রধান জেনারেল ভ্যানসিনা

আপডেট:

ইউরোপীয় ইউনিয়নকে ২০৩০ সালের মধ্যে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মার্কিন সহযোগিতা ছাড়াই রাশিয়াকে মোকাবিলা করা সম্ভব হয়। বেলজিয়ামের চিফ অফ জেনারেল স্টাফ ফ্রেডেরিক ভ্যানসিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন।ল্য সোয়ার পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, রাশিয়া এই মুহূর্তে পশ্চিমের জন্য সরাসরি হুমকি না হলেও বিশ্ব বর্তমানে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল সময় পার করছে। ভ্যানসিনার মতে, রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধে লিপ্ত থাকায় ইউরোপ কিছুটা সময় পাচ্ছে এবং ইউক্রেনীয়রা কার্যত ইউরোপের জন্যই এই সময়টুকু কিনে দিচ্ছে।তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ার হাতে প্রায় সাড়ে ছয় থেকে সাত লাখ অভিজ্ঞ সেনার একটি বিশাল বাহিনী থাকবে। তাই ২০৩০ সালের মধ্যেই ইউরোপকে এই বার্তা দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে যে, তারা আমেরিকানদের সমর্থন ছাড়াও রুশ আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত।
জেনারেল ভ্যানসিনা আরও উল্লেখ করেন যে, ২০৩৫ সালের মধ্যে ইউরোপের পূর্ণাঙ্গ কৌশলগত স্বায়ত্তশাসন অর্জন করা সম্ভব। তবে এর জন্য প্রতিরক্ষা বাজেট জিডিপির বর্তমান ২ শতাংশের সীমা ছাড়িয়ে আরও বাড়াতে হবে।এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানের সাথে যুদ্ধের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের টানাপোড়েন চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউরোপকে নিজ সুরক্ষার দায়িত্ব নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে।এদিকে ক্রেমলিন ইউরোপের এই সামরিক প্রস্তুতির পরিকল্পনাকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। মস্কোর দাবি, পশ্চিমা দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অজুহাত হিসেবে রাশিয়ার কথিত আক্রমণের ভয় দেখাচ্ছে এবং এই ধরনের বেপরোয়া সামরিকায়ন বিশ্ব নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

সূত্র: আরটি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত