স্বাধীন সাংবাদিকতা ছাড়া একটি সুস্থ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে উঠতে পারে না। তথ্যপ্রবাহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে ভুয়া খবর ও অপতথ্যের বিস্তার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং সচেতনতা জরুরি।গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনে সরকার উদ্যোগ নিচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, কমিশনের প্রথম ধাপে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে। যেখানে সাংবাদিক, সম্পাদক, মালিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। ডিজিটাল প্ল্যাটফরমের বিস্তার এবং প্রচলিত গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত কাঠামো জরুরি।

