নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১১ মে ২০২৬
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং গত আড়াই মাসে সংবাদপত্রের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ।সোমবার (১১ মে) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কামাল উদ্দিন সবুজ বলেন, “প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবেন। তবে এই স্বাধীনতার বিপরীতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।”
বিগত ১৭ বছরের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, “ফ্যাসিস্ট আমলে সংবাদমাধ্যমে হস্তক্ষেপের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম বিকল্প হয়ে উঠেছিল। কিন্তু সেখানে দায়বদ্ধতা না থাকায় অপতথ্য ও গুজব ছড়াচ্ছে, যা বর্তমান গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকদের সমন্বয়ে একটি রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।”তিনি আরও উল্লেখ করেন যে, অনেক সময় সরকার হস্তক্ষেপ না করলেও মালিকপক্ষ নিজস্ব স্বার্থ রক্ষায় ‘সেলফ-সেন্সরশিপ’ আরোপ করে। বিশ্ব গণমাধ্যমের চিত্র তুলে ধরে তিনি বলেন,ইউরোপ-আমেরিকা বা ভারত—কোথাও গণমাধ্যম পুরোপুরি স্বাধীন নয়।উন্নত বিশ্বেও সরকারগুলো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারাও সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন।সেই তুলনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেক উন্নত। ফেনীকে সাংবাদিকতার ‘উর্বর ভূমি’ হিসেবে অভিহিত করে বাসস এমডি বলেন, “দেশের সাংবাদিকতা, রাজনীতি ও ব্যবসায় ফেনীর সন্তানদের অবদান উজ্জ্বল। সেই গৌরব ধরে রাখতে হবে।” তিনি সাংবাদিকদের পরামর্শ দিয়ে বলেন, “পৃথিবীর কোথাও শতভাগ নিরপেক্ষতা সম্ভব না হলেও, সংবাদে যেন বস্তুনিষ্ঠতা থাকে এবং সম্পাদনায় যেন দায়িত্বশীলতা ফুটে ওঠে।”ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে
ফজলুল হক ভূঁইয়া রানা (সম্পাদক, দৈনিক আমার কাগজ)মেজবাহ উদ্দিন খান (পিপি ও বিএনপি নেতা),অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া (জামায়াত নেতা) সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের (ডেইলি স্টার), মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (ডিবিসি), আরিফুল আমীন রিজভী (সম্পাদক, দৈনিক ফেনী) সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল, ইসমাইল হোসেন সিরাজী ও আবুল কাশেম চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: বাসস এমডি কামাল উদ্দিন সবুজ
আপডেট:

