শুক্রবার, জুন ১৯, ২০২৬

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু গ্রীসে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

আপডেট:

সকালের কন্ঠ ডেস্ক : গ্রিস পাঠানোর নামে ভূমধ্যসাগরে ১৮ জন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ মিকাইল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৫ জুন ২০২৬ বিকেলে সিলেট বিমানবন্দর এলাকা থেকে সিআইডির মানব পাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট তাকে গ্রেফতার করে। সুনামগঞ্জের দিরাই উপজেলার ভুক্তভোগী মাসুমকে (ছদ্মনাম) গ্রিস পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকার চুক্তি করে। প্রথমে লিবিয়া নেওয়ার জন্য এবং পরবর্তীতে গ্রিস পৌঁছানোর শর্তে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়। ২০২৬ সালের জানুয়ারিতে মাসুমকে লিবিয়ায় পাঠানো হয়। সেখান থেকে গত ২১ মার্চ ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌযান অবৈধ পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিকূল আবহাওয়ায় পথ হারিয়ে নৌযানটি ভূমধ্যসাগরে আটকে পড়ে। টানা ৬ দিন খাদ্য ও পানির তীব্র সংকটে ভুগে অনাহার ও পানিশূন্যতায় ১৮ জন বাংলাদেশিসহ বেশ কয়েকজন মারা যান। পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সাগরেই ফেলে দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার মাসুমের মৃত্যুর খবর জানতে পারে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিকাইল মানব পাচারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিআইডির টিএইচবি ইউনিট জানিয়েছে, এই আন্তর্জাতিক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও আর্থিক লেনদেনের উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। সিআইডি জনসাধারণকে দালালের মিষ্টি কথায় না ভুলে বিদেশযাত্রার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে। সেই সাথে মানব পাচার সংক্রান্ত যেকোনো তথ্য সিআইডিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত