গতকাল বুধবার ফেনী পুলিশ লাইন্স ড্রিলশেডে সিভিল সোসাইটির সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু কমিউনিটি, শিক্ষক, ইমাম, আইনজীবী, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক এবং ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনিরা হক।মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি রক্ষা, অপরাধ প্রতিরোধ ও মাদক নির্মূলে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর আলোকপাত করা হয়।প্রধান অতিথির ডিআইজি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন তিনি ফেনীর সন্তান হিসাবে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বস্তরের মানুষের সমন্বয়ে পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার নির্দেশনা দেন। সভায় উপস্থিত প্রতিনিধিরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ তুলে ধরেন, যা গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ফেনী গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে ফেনী জেলা পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে একটি মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

