স্টাফ রিপোটার:
খাগড়াছড়ির গুইমারায় প্রায় ৩০ কোটি ২৫ লক্ষ টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুইমারা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়া নামক স্থানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়। জানা যায়, মঙ্গলবার ভোরে গুইমারা থানার ওসি আরিফুর আমিন’র নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় তিন একর জমিতে চাষ করা গাঁজাগাছ উদ্ধার করে।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, এ এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন মাদক ব্যবসা গুইমারাতে চলবেনা। এ অভিযান অব্যাহত থাকবে। গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন,পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় প্রায় তিন একর গাঁজা ক্ষেত উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার মূল্য আনুমানিক ৩০ কোটি ২৫ লক্ষ টাকা। এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

