বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।নিকারের বৈঠক শেষে জানা গেছে, ক্রমবর্ধমান নগরায়ণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবে সায় দিয়েছে কমিটি।নতুন গঠিত উপজেলাগুলো হলো: মোকামতলা, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে এই নতুন উপজেলা গঠন করা হয়েছে। মাতামুহুরী, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে এটি গঠন করা হয়েছে। রুহিয়া ও ভুল্লী, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে এই দুটি নতুন উপজেলা করা হয়েছে। এছাড়া চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে নতুন এই উপজেলা গঠন করা হয়েছে।

