রোম, ইতালি | ১৩ মে, ২০২৬
ইতালির রাজনীতিতে যখন অভিবাসন নিয়ে নানামুখী বিতর্ক ও কড়াকড়ি তুঙ্গে, ঠিক তখনই দেশটির অভিভাবকতুল্য ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা (Sergio Mattarella) এক ঐতিহাসিক ও মানবিক বার্তা দিলেন। তিনি স্পষ্ট করেছেন যে, কেবল কঠোরতা বা দেয়াল তুলে বর্তমান বিশ্বের অভিবাসন বাস্তবতা এড়ানো সম্ভব নয়।সম্প্রতি রোমের কুইরিনাল প্রাসাদে (Quirinal Palace) আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি এবং ইতালির অভ্যন্তরীণ শ্রমবাজারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলাকালীন তিনি প্রবাসীদের অধিকার এবং বৈশ্বিক বাস্তবতাকে প্রাধান্য দিয়ে বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন।
প্রেসিডেন্টের মাত্তারেলা উল্লেখ করেন যে, অভিবাসন কোনো সাময়িক সমস্যা নয়, বরং এটি একটি চিরন্তন মানবিক বাস্তবতা। তিনি বলেন, “অভিবাসন কেবল দেয়াল তুলে বা সীমান্ত বন্ধ করে সমাধান করা যাবে না। আমাদের প্রয়োজন একটি সুশৃঙ্খল ও শক্তিশালী আইনি কাঠামো।” যারা ইতালিতে আসছেন, তাদের যেন কেবল সংখ্যার বিচারে না দেখে মানুষ হিসেবে দেখা হয়। তাদের মর্যাদার সাথে কাজ করার সুযোগ দেওয়ার ওপর জোর দেন তিনি, যাতে তারা দেশের অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারেন। প্রেসিডেন্টের এই বক্তব্যে পরোক্ষভাবে অবৈধ শ্রম শোষণ বা কুখ্যাত ‘কপোরালাতো’ (Caporalato) প্রথার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। তিনি চান অভিবাসীরা যেন কোনো অবস্থাতেই শোষণের শিকার না হন।বর্তমানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অবৈধ অভিবাসন রোধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এমন রাজনৈতিক আবহে প্রেসিডেন্টের এই ভারসাম্যপূর্ণ অবস্থান ইতালিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যাপক আশার আলো জাগিয়েছে। মাত্তারেলা মনে করেন, অভিবাসীদের কেবল ‘সমস্যা’ হিসেবে না দেখে তাদের ‘শ্রমশক্তি’ এবং ‘মানবিক সত্তা’ হিসেবে মূল্যায়ন করা জরুরি।”ইতালির সর্বোচ্চ পর্যায় থেকে প্রবাসীদের বৈধ পথ এবং আইনি সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে অভিবাসন আইনে আরও নমনীয় ও সুশৃঙ্খল পরিবর্তনের পথ প্রশস্ত করতে পারে।”
বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্টের এই দূরদর্শী অবস্থান ইতালির শ্রমবাজারের সংকট মেটাতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির মানবিক ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্য সুত্র: আনসা

