শনিবার, মার্চ ১৪, ২০২৬

পোষাক কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে –শিল্প উপদেষ্টা

আপডেট:

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, রোববার দেশের সব তৈরি পোশাক শিল্প কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন, সেটাও মনে রাখা হবে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এক মতবিনিময় সভায় শিল্প উপদেষ্টা এসব কথা বলেন। তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।আদিলুর রহমান খান বলেন, তৈরি পোশাক খাতে উদ্ভূত সমস্যা সমাধানে সরকার কমিটি করেছে। এ কমিটির মাধ্যমে সবার সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করার যে সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছিল, তা ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, আমরা এমন একটা জায়গায় এসেছি, যখন একটা ক্রাইসিস তৈরি হয়েছে, শিল্প অঞ্চলগুলো কীভাবে চালু রাখা যায়। আমরা আলোচনা করছি, এমন একটা পরিস্থিতিতে যেন কারখানা রক্ষা করা যায়, সঙ্গে সঙ্গে শ্রমিকের অধিকারও রক্ষা করা যায়। কারখানা রক্ষা করতে গিয়ে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকরা কারখানা রক্ষার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করছে। মালিকরা ভীষণভাবে সহযোগিতা করছে। কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে না, বেতন পাওয়ার প্রশ্ন আছে। শিল্প মন্ত্রণালয় থেকে স্পেশালি লিখে একটা বড় কারখানায় শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে হয়েছে, যেটা করার কথা ছিল না।
তিনি বলেন, আমরা জানি গত ১৫ বছর কী ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন হয়নি। অন্য ধরনের পরিস্থিতি হয়েছে। রাজনীতির নামে কী ধরনের পরিস্থতি তৈরি করা হয়েছিল এবং মানুষের ওপর কেমন অবিচার করা হয়েছে সেগুলোও আমরা জানি। আমাদের এসব সমস্যা মোকাবেলা করে এগোতে হচ্ছে। এজন্য শ্রমিক সংগঠন ও মালিকদের এগিয়ে আসতে হবে।সংঘাতময় পরিস্থিতিতে তৃতীয় পক্ষের লাভ হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত