ভূমিকন্যা
—————-
(প্রয়াত সানজীদা খাতুন স্মরণে)
– মজুমদার শাহীন
ভূমি বধির নয়,ভূমি কথা বলে-
অনার্য দ্রাবিড়কাল থেকে।
পঁচা শ্যাওলার মাঠে
হরিৎ জংলায় আত্মভোলা
পাখি ঘুমায় সূর্য তাপে।
পৃথিবী ঘুমিয়ে গেলে
কীটপতঙ্গের কলরবে,শুনি
ধানক্ষেতে ঝিঁঝি পোকা ডাকে।
সবুজ পাতার উপর হিস হিস
করে উড়ে যায় হাওয়া;
তুমি ভূমিকন্যা হাওয়ার বাঁশিতে
সুর তোল,মন্দিরা তবলায়
মেলাও যুগের কন্ঠস্বর।
একটু একটু একটু করে
জমানো শিকির মত
জীবনে সঞ্চিত হয়
‘কাআ তরুবর পন্ঞ্চবি ডাল
চঞ্চল চীএ পইঠো কাল ‘
অথবা রবীন্দ্রনাথের গান।
সেই গান শুনে
মেঘদূত নেমে আসে
শোভামণ্ডিত সন্ধ্যার কোমল
পাহাড় ও লেকে,
রবীন্দ্রনাথ হয়ে ফিরে আসে
ছায়ানটে – বটবৃক্ষেে।
এই পহেলা বৈশাখে
তুমি আবার গান শোনাবে
রমনার ছায়াতলে তোমাকে খুঁজে নেবো ঘাসের শেকড়ে
লুকিয়ে থাকা অনুজীবে।

