বাবা
=== ফয়েজুর রহমান
বাবা হলো অপ্রকাশের ভাষা
বাবা হলো অব্যক্ত ভালবাসা।
বাহিরে যার কঠিন আবরণ
ভেতরে তাঁর কোমল প্রাণমন।
যায়না দেখা বাবার চোখের জল
খুব নীরবে ঝরে ব্যথার অনল।
বাবা হলো এমনই এক লোক
অমানিশায় ছড়ায় জ্ঞানালোক।
বাবার থাকে কঠোর অনুশাসন
সন্তান যেন পায় উচ্চাসন।
আমৃত্যু এই স্বপ্ন থাকে বাবার
লোভ নেই তাঁর অন্যকিছু পাবার।
বাবার কাঁধের বোঝার কত ওজন
মাপতে তা পেরেছে কয়জন?
যে পেরেছে যে বুঝেছে, হয়েছে সে
এই স্বদেশে সমাজেরই সুজন।
======================
১৫/০৬/২৫
ফেনী



