ফেনী শহরের বিরিঞ্চিতে ঘুমন্ত দুই শিশুকে বসত ঘরে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মুল আসামি কামাল হোসেন জনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এর আগে চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে জনিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, সম্পত্তির বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটনানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জনি হত্যাকাণ্ডের নিজে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনার ৩-৪ দিন আগে একটি বাগানে বসে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানায়।জানা গেছে, বিগত ২০২৩ সালের ৫ অক্টোবর রাতে ফেনী শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার ফকির বাড়ির সহিদুল ইসলাম রনির ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের শোর-চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনির বড় ছেলে শাহাদাতকে (১৩) মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার ছোট ছেলে গোলাপকে (৬) দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
এ ঘটনায় শিশু দুটির পিতা সহিদুল ইসলাম রনি বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত গোপন রাখা হয়েছে।ঘটনার পর থেকে মামলার মূল আসামি কামাল হোসেন জনি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ছদ্মনামে আত্মগোপনে চলে যায়।পুলিশ আরও জানায়, প্রথমে ফেনী মডেল থানা পুলিশ এ মামলাটি তদন্ত করলেও পরবর্তীতে গুরুত্ব বিবেচনা করে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।তিনদিন অভিযান চালিয়ে গত মঙ্গলবার দুপুরে ডিবির একটি চৌকষ টিম চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকা থেকে জনিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যাকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ফেনীতে দুই শিশুকে পুড়িয়ে হত্যা মামলার মূল আসামি কামাল হোসেন জনি গ্রেফতার
আপডেট:

