একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওতায় একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংকগুলো হলো এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ার জটিলতা দূর করা হয়েছে। এর ফলে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার-মঙ্গলবার থেকে ব্যাংকগুলো টাকা দেওয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই অর্থ আমানত বিমার আওতায় দেওয়া হবে।ব্যাংকের কর্মকর্তারা জানান, নিজস্ব শাখা থেকে গ্রাহকরা তাদের অর্থ উত্তোলন করতে পারবেন। তবে, যাদের একাধিক হিসাব রয়েছে, তারা শুধু একটি হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইভাবে, একাধিক ব্যাংকে হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত পরিমাণ টাকা উত্তোলনের সুযোগ থাকবে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে পড়েছে।

