আমির হোসেন লিটন রোম, ইতালি: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ইতালির রাজধানী রোমসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন পবিত্র ঈদ-উল-আযহা।রাজধানী রোমের জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ইতালির সর্ববৃহৎ ঈদের জামাত। এতে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা সাদা পোশাক ও পাঞ্জাবি পরে দলে দলে ঈদগাহ ময়দানে সমবেত হতে শুরু করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রোমের বিভিন্ন খোলা মাঠ ও স্থানীয় মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কর্মব্যস্ত প্রবাস জীবনে সব ক্লান্তি ভুলে ঈদের এই আনন্দঘন মুহূর্তে প্রবাসীরা মেতে ওঠেন অনাবিল উৎসবে। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ জানান, প্রবাসের মাটিতে নিজ দেশের সংস্কৃতির আমেজ ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ঈদের তাৎপর্য তুলে ধরতেই প্রতি বছর এই বৃহৎ জামাতের আয়োজন করা হয়। পরিবার-পরিজন ও কমিউনিটির সবাইকে সাথে নিয়ে ইতালিতে বাংলাদেশিদের এই ঈদ উদযাপন যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ।
প্রতিবেদন: আমির হোসেন লিটন
ইতালিতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
আপডেট:

