সোমবার, জুলাই ১৩, ২০২৬

ববি বেগমের বিদায় এবং আমাদের মৃত বিবেক

আপডেট:

আনোয়ার মোরশেদ মজুমদার
প্রধান সম্পাদক

ববি বেগমের বিদায় এবং আমাদের মৃত বিবেক
​টেকনাফ থেকে তেঁতুলিয়া—আজ সর্বত্রই এক অদৃশ্য অবক্ষয়ের মহোৎসব চলছে। আমরা বুক ফুলিয়ে বলছি, আমরা এনালগ যুগ পেরিয়ে ডিজিটাল, এমনকি স্মার্ট যুগে পা রেখেছি। কিন্তু প্রশ্ন জাগে, প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে মানুষের মনন কি আদেও উন্নত হয়েছে? নাকি অবয়বে আধুনিক হয়েও ভেতরে ভেতরে আমরা আদিম যুগের চেয়েও হিংস্র এক প্রজাতিতে পরিণত হচ্ছি? গত ৮ই আগস্ট সন্ধ্যায় ববি বেগম নামের এক অসহায় নারীর নির্মম মৃত্যুর খবর আমাদের সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই প্রাণ হারানো এই নারীর শেষ মুহূর্তের যন্ত্রণা আর মুখচ্ছবি আজ প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দিচ্ছে।​আজকের সমাজ ও রাষ্ট্রের নৈতিক অবক্ষয় কেবল উদ্বেগজনক নয়, রীতিমতো আতঙ্কজনক। সমাজকে কুরে কুরে খাচ্ছে মাদকের করাল গ্রাস। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের তথাকথিত উচ্চশিক্ষিত ও প্রভাবশালী পেশাজীবী—সবখানেই আজ মাদকের নীল বিষ ছড়িয়ে পড়েছে। আর এই মাদকের কারবারের সমান্তরালে চলছে টাকার এক নোংরা খেলা। অর্থের লোভ মানুষের ভেতরের সমস্ত নীতি, নৈতিকতা এবং মনুষ্যত্বকে গিলে খেয়েছে। মাদকের অবৈধ সিন্ডিকেটের সাথে আজ সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে গোপন লেনদেন ও সখ্যতা গড়ে উঠেছে, তা পুরো সমাজব্যবস্থাকে ভেতর থেকে পচিয়ে দিচ্ছে।
​টাকার জন্য মানুষ আজ এতটাই অন্ধ যে, অন্যের জীবন কেড়ে নিতেও তাদের হাত কাঁপছে না। ববি বেগমের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তার বিবরণ যেকোনো সুস্থ মানুষকে অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট। এই নির্মমতা, এই নির্দয়তা আদিম যুগের বর্বরতাকেও হার মানায়। তখন মনে প্রশ্ন জাগে—
​আমরা আসলে কেমন সমাজে বাস করছি?
​এ কোন অসভ্য, অমানবিক ও বর্বরতার চাদরে ঢাকা পড়েছে আমাদের চারপাশ?​মানুষ কি তার বিবেককে জন্মের সময়ই মাটিচাপা দিয়ে এসেছে?
​আমাদের সমাজ থেকে কি তবে ‘মানবিকতা’ এবং ‘মনুষ্যত্ববোধ’ চিরতরে লোপ পেয়ে গেল?​একটি সভ্য সমাজে বিচারহীনতার সংস্কৃতি এবং লোভের অবাধ লাইসেন্স যখন স্থায়ী রূপ নেয়, তখনই ববি বেগমদের মতো নিরীহ মানুষকে কফিনে ঘুমাতে হয়। ববি বেগমের এই করুণ বিদায় কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি আমাদের সামষ্টিক মানবিকতার এক জীবন্ত পরাজয়। কতোটা কষ্ট, কতোটা তীব্র যন্ত্রণা বুকে নিয়ে এই মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তা ভাবলে ভেতরটা হু হু করে ওঠে।আমরা আর কতকাল এই পচনশীল সমাজের নীরব দর্শক হয়ে থাকব? ডিজিটাল স্ক্রিনে লাইক-কমেন্টের আড়ালে আমাদের আসল কঙ্কালটা আর কতদিন লুকিয়ে রাখা যাবে? রাষ্ট্র ও প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন—ববি বেগমের ওপর নির্যাতনকারী এবং এই সমাজকে মাদকের নরক বানানোর পেছনের কারিগরদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কেবল আইনের কঠোর প্রয়োগই নয়, সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষার পুনর্জাগরণ আজ সময়ের দাবি। নয়তো ববি বেগমদের রক্তের দাগ আমাদের কপাল থেকে কোনোদিনই মুছবে না, আর আমরা এক চির-অভিশপ্ত অসভ্য সমাজ হিসেবেই পৃথিবীর বুকে টিকে থাকব।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত