প্রথমার্ধের পরপরই ৩ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের আশায়ই ছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্রুতই ২ গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সেল্টা ভিগো। তবে আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আদায় করে পূর্ণ ৩ পয়েন্ট।সেল্টা ভিগোর বিপক্ষে জয়ে লা লিগার আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল রিয়াল। এই আসরে তাদের পরের প্রতিপক্ষ বার্সেলোনা। এল ক্লাসিকোর ওই ম্যাচে জয় পেলে শিরোপার ঘ্রাণ পাবে দলটি। আর হারলে শিরোপার রেস থেকে ছিটকে যাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৩৪ ম্যাচে ২৩ জয় ও ছয় ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে দলটি। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে খানিকটা চাপেই পড়েছিল রিয়াল। স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছিল সেল্টার আক্রমণ। তবে থিবো কুর্তোয়ার বীরত্বে বেঁচে যায় রিয়াল। লস ব্লাঙ্কোসরা প্রথম গোল আদায় করে ম্যাচের ৩৩ মিনিটে। কর্নারের পর লুকাস ভাসকেসের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান তরুণ মিডফিল্ডার আরদা গুলের।
৬ মিনিট পর আবারও সেল্টার একটি আক্রমণ রুখে দেন থিবো কুর্তোয়া। কাউন্টার অ্যাটাকে উল্টো গোল দেন কিলিয়ান এমবাপ্পে। ২-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে রিয়াল।
বিরতির পর ৪৮তম মিনিটে গুলেরের রক্ষণ চেরা পাসে বাম পায়ের কোনাকুনি শটে আবারও গোল দেন এমবাপ্পে। চলতি আসরে এটি তার ২৪তম গোল। তার চেয়ে বেশি গোল কেবল রবার্তো লেভানডোভস্কির (২৫)। ৫৭ মিনিটে গুলেরের শট ঠেকিয়ে দেন সেল্টা গোলরক্ষক।৬৯ মিনিটে ব্যবধান কমায় সেল্টা। কর্নার থেকে পাবলো দুরানের ব্যাকহিল গোললাইন থেকে ফিরিয়ে দেন ভাসকেস। ফিরতি বলে দারুণ গোল দেন রদ্রিগেস। ৭৬ মিনিটে ব্যবধান আরও কমায় দলটি। এবার গোল দেন উইলট সুইডবার্গ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩ পয়েন্টের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

