সোমবার, মার্চ ২৩, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি: শোকাহত ক্রীড়াঙ্গন

আপডেট:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে আজ দুপুরে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরই স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে। এতে অন্তত ১৯জন মারা যান ও অসংখ্য আহত হয়ে হাসপাতালে ভর্তি । মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো ক্রীড়াঙ্গন শোকাহত। দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইলো।জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’ আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘একটি স্কুল, শিশুরা, নিরাপত্তার আশ্রয়, আর সেখানে নেমে এলো ভয়াবহতা। এ কষ্ট শুধু একজনের না—পুরো জাতির। আমরা শোকাহত। আমরা ব্যথিত। আমরা দোয়া করি সকল আহতের দ্রুত সুস্থতা কামনায়, এবং নিহতের আত্মার মাগফিরাতের জন্য।জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেছেন, ‘এটা দেখা খুবই ভয়ঙ্কর বিষয়। সবার জন্য প্রার্থনা।’ ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ লিখেছেন, ‘উত্তরাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার বিষয়টি খুবই মর্মান্তিক। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি।এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত