ল্যাম্পেডুসা, ইতালি: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে পৃথক অভিযানে বিপুল সংখ্যক অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। লিবিয়ার বিভিন্ন উপকূল থেকে ছেড়ে আসা চারটি নৌকা থেকে এসব অভিবাসীদের উদ্ধার করা হয়। তবে এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন, যাদের মরদেহ দাফনের জন্য ইতালির মূল ভূখণ্ডে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীরা লিবিয়ার জাউইয়া, খোমস এবং তাজিউরা এলাকা থেকে চারটি আলাদা নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ১৭৮ জনকে বর্তমানে ল্যাম্পেডুসার ইমব্রিয়াকোলা (Imbriacola) হটস্পটে রাখা হয়েছে। সেখানে বর্তমানে ধারণক্ষমতার অতিরিক্ত অভিবাসী থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ল্যাম্পেডুসার স্থানীয় পলিক্লিনিকে ভর্তি করা হয়েছে।কোস্টগার্ডের হাতে আটক হওয়া অন্তত ৭০ জন অভিবাসী জানিয়েছেন, উন্নত জীবনের আশায় তারা এই মরণপণ ঝুঁকি নিয়েছিলেন। তারা প্রত্যেকে দালালের মাধ্যমে ৩,০০০ থেকে ৬,০০০ ডলার (প্রায় সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা) দিয়ে নৌকায় উঠেছিলেন। কিন্তু মাঝসমুদ্রে নৌকাগুলো সংকটে পড়লে তাদের যাত্রা মাঝপথেই থমকে যায়।
উদ্ধার অভিযানের পাশাপাশি সমুদ্র থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে; তাদের মধ্যে নাইজেরিয়া, ঘানা, মালি এবং মালয়েশিয়ার নাগরিক রয়েছেন। মরদেহগুলো বহনকারী কফিনগুলো দাফনের উদ্দেশ্যে ল্যাম্পেডুসা থেকে পোরতো এম্পেদোকলে (Porto Empedocle) স্থানান্তরিত করা হয়েছে।উল্লেখ্য যে, গত ১লা এপ্রিল লিবিয়া সংলগ্ন সমুদ্রসীমায় অপর এক বড় অভিযানে মোট ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই মৃতদেহগুলোকেও বর্তমানে স্থানীয় বিভিন্ন কবরস্থানে সমাহিত করার প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন, ল্যাম্পেডুসা।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ল্যাম্পেডুসায় বিপুল সংখ্যক অভিবাসী ১০ জনের মরদেহ উদ্ধার
আপডেট:

