ফেনী প্রতিনিধি:ফেনীর ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। আটককৃত ব্যক্তির নাম মনির আহাম্মদ (৪৩)। তিনি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের বাসিন্দা।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি চৌকস দল ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মনির আহাম্মদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৪ বোতল বিদেশি হুইস্কি এবং ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাব জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে ফেনীর বিভিন্ন অঞ্চলে তা কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীমান্ত ও মাদকের ভয়াবহতা
স্থানীয় সচেতন মহলের মতে, ফেনীর বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল ঘেঁষে প্রতিদিন বিভিন্ন কৌশলে মাদক প্রবেশ করছে। এই মাদকের নীল দংশনে ধ্বংস হয়ে যাচ্ছে ফেনীর শত শত তরুণ-তরুণী। মাদকের এই ভয়াবহ বিস্তার শুধু তরুণ সমাজকেই বিপথগামী করছে না, বরং অসংখ্য পরিবারে ডেকে আনছে চরম অশান্তি ও পারিবারিক বিপর্যয়।সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করার পাশাপাশি মাদকের এই ভয়াবহ সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
ফেনীতে ৯৪ বোতল হুইস্কি ও ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
আপডেট:

