মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

ফেনীর লেমুয়ায় মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

আপডেট:

​ফেনী প্রতিনিধি:ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি জলাবদ্ধ নালা থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর গ্রামের স্কুল সড়কের মাথা সংলগ্ন মহাসড়কের পাশে বুকসমান পানিতে এক ব্যক্তির মাথা ভাসতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে জীবিতাবস্থায় উদ্ধার করে।হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মাথার ডান পাশের কপালে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের তীব্রতায় কপাল ভেঙে ভেতরের অংশ দৃশ্যমান হয়ে গেছে। বর্তমানে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং কথা বলতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, যেকোনো মুহূর্তে তার অবস্থার আরও অবনতি হতে পারে। উদ্ধারের সময় তার শরীরে কোনো পোশাক ছিল না।’ইংলিশ ম্যান’ সংক্রান্ত বিভ্রান্তি এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির চেহারা ফেনীর পরিচিত মুখ ‘ইংলিশ ম্যান’-এর সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ও গুঞ্জন তৈরি হয়। তবে এখন পর্যন্ত এর সত্যতা বা সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। ব্যক্তিটি আসলেই ‘ইংলিশ ম্যান’ কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
​পুলিশের বক্তব্য ও মানবতার আহ্বান বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।ছবিতে থাকা এই অজ্ঞাত ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জেনে থাকেন, তবে অবিলম্বে ফেনী জেনারেল হাসপাতাল অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একটি পরিবারকে খুঁজে পেতে এবং লোকটির সুচিকিৎসা নিশ্চিত করতে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত