রোম, ইতালি — গতকাল ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বে দেশটির মন্ত্রিসভা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ডিক্রি পাস করেছে। সরকারের ঘোষিত এই নতুন নীতি অনুযায়ী, যেসব শিক্ষার্থী সঠিকভাবে ইতালীয় ভাষা বলতে বা বুঝতে পারে না, প্রতিটি ক্লাসে তাদের উপস্থিতি মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।একই সঙ্গে ইতালির ঐতিহ্য ও সমাজ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে ইতালীয় ভাষা শেখার অতিরিক্ত সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা বা নিকাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের মতে, এটি কোনো বৈষম্য নয় বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি এবং “গেটো সমাজ” গড়ে ওঠা রোধ করার একটি বাস্তবসম্মত পদক্ষেপ। ইতালীয় ভাষায় দুর্বল বা নতুন আসা অভিবাসী শিক্ষার্থীদের এক ক্লাসে পুঞ্জীভূত না করে প্রতিটি ক্লাসে সর্বোচ্চ ৩০ শতাংশ সীমা নিশ্চিত করা হবে। শ্রেণিকক্ষে মুখ ঢেকে রাখা কোনো পোশাক বা ধর্মীয় আবরণ পরা যাবে না বলে ডিক্রিতে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। যেসব বিদেশি শিশুর ইতালীয় ভাষায় দক্ষতা কম, তাদের জন্য অতিরিক্ত টিউটোরিয়াল ও বিশেষ ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে যেন সবাই সমান জায়গা থেকে পড়াশোনা শুরু করতে পারে। সরকার জানিয়েছে, ইতালির নিজস্ব নিয়ম ও ঐতিহ্য না হারিয়ে অভিবাসী সন্তানদের আসল মূলধারায় একীভূত করাই এই শিক্ষা সংস্কারের মূল লক্ষ্য।
তথ্যসুত্র : আনসা

