বিশ্বকাপে অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের বিশ্বকাপজয়ী শক্তিশালী জার্মানিকে নাটকীয় টাইব্রেকারে ৪-৩ হারিয়ে আসরের শেষ ষোলোতে পৌঁছে গেল লাতিন আমেরিকার দলটি। এর আগে দু’দলের ১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়েছিল।ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধের শেষ দিকে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় প্যারাগুয়ে। মিগেল আলমিরনের বাড়ানো বল থেকে হুলিও এনসিসো দুর্দান্ত হেডে জাল খুঁজে নিলে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি প্রথমার্ধে বলের দখলে জার্মানির আধিপত্য ছিল প্রায় ৭৯ শতাংশ। তবুও প্রতিপক্ষের একমাত্র কার্যকর আক্রমণেই পিছিয়ে পড়ে তারা।দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে সমতা ফেরান কাই হাভার্টজ। ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে গোল করে জার্মানিকে ম্যাচে ফেরান তিনি। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর জয়ের দেখা পায়নি জার্মানি।অতিরিক্ত সময়ে জোনাথান তাহ হেডে বল জালে পাঠালেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। কর্নার থেকে আক্রমণের সময় জার্মান খেলোয়াড়ের ফাউলের কারণে গোলটি গ্রহণযোগ্য হয়নি।শেষ মুহূর্তে হাভার্টজের হেড এবং কর্নার থেকে ভালদেমার আন্তনের কাছ থেকে আসা নিশ্চিত গোলও দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল।এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। জার্মানির হয়ে কাই হাভার্টজ, নিক ভোল্টেমাডে এবং জোনাথান তাহ নিজেদের শট লক্ষ্যভ্রষ্ট করেন। যদিও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া শট নষ্ট করেন এবং গোলরক্ষক মানুয়েল নয়ার ফাবিয়ান বালবুয়েনার শট রুখে দিয়ে জার্মানিকে আবারও আশা দেখান।তবে শেষ পর্যন্ত জোনাথান তাহের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে গেলে সুযোগটি কাজে লাগান হোসে কানালে। তার সফল শটেই নিশ্চিত হয় প্যারাগুয়ের ঐতিহাসিক জয় এবং জার্মানির বিদায়।শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে সেই লড়াই।

