নিজস্ব প্রতিবেদক | ফ্লোরেন্স, ইতালি
ইতালির ফ্লোরেন্স শহরের ভিয়া কাচ্চিনি (Via Caccini) এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক বাংলাদেশি যুবক (৩০) নৃশংস হামলার শিকার হয়েছেন। অজ্ঞাত পরিচয় এক হামলাকারী তাকে লক্ষ্য করে বুকে দুবার ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে কাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই প্রবাসী বাংলাদেশি। পথে নির্জন ভিয়া কাচ্চিনি এলাকায় পৌঁছালে এক অপরিচিত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার বুকে পরপর দুটি আঘাত করে। যুবকটি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তার গলা টিপে ধরে পুনরায় আঘাত করার চেষ্টা করে। এ সময় পাশেই কর্মরত এক বারিস্তা (বার কর্মী) চিৎকারের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তার উপস্থিতি টের পেয়ে এবং তাকে পুলিশে খবর দিতে দেখে হামলাকারী দ্রুত পালিয়ে যায়।আহত যুবককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফ্লোরেন্সের কারেজি (Careggi) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তী ৪৮ ঘণ্টা তাকে অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে।ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।এই হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি কি কোনো ছিনতাইয়ের চেষ্টা ছিল, নাকি এর পেছনে কোনো পূর্ব শত্রুতা বা বর্ণবাদী বিদ্বেষ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। তবে নিভৃত এলাকায় এমন অতর্কিত হামলায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সুত্রঃ হ্যালো ইতালি

