নিজস্ব প্রতিবেদক | রোম, ইতালি
ইতালির রাজধানী রোমের ডন বস্কো এলাকায় এক বাংলাদেশি মিনিমার্কেট ব্যবসায়ীকে রড দিয়ে আঘাত করে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে মারাত্মক আহত অবস্থাতেও দমে না গিয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন ৩৯ বছর বয়সী ওই প্রবাসী। তিনি ডাকাতকে ধাওয়া করে জাপটে ধরেন এবং পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গতকাল শুক্রবার রাতে ডন বস্কো এলাকার ভিয়া তারকুইনিও কোল্লাতিনোতে এই হামলার ঘটনা ঘটে। ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি ব্যবসায়ী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফেরার জন্য নিজের গাড়িতে উঠছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা এক আততায়ী হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে।২৭ বছর বয়সী ওই ইতালীয় যুবক নিজের পরিচয় লুকাতে মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে এসেছিল। তার হাতে ছিল একটি লোহার রড। ডাকাতটি রড দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং ব্যবসায়ীকে এলোপাতাড়ি ঘুষি মেরে তার মানিব্যাগ ও গলার দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।আকস্মিক এই হামলায় ব্যবসায়ী গুরুতর আহত হলেও তিনি হাল ছাড়েননি। আঘাত সামলে নিয়ে তিনি উল্টো ডাকাতকে ধাওয়া শুরু করেন। বেশ কিছুদূর দৌড়ানোর পর তিনি ডাকাতকে জাপটে ধরেন। রাস্তায় তাদের মধ্যে ধস্তাধস্তি ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ইতালির জরুরি সেবা নম্বর ১১২-এ ফোন করে পুলিশকে খবর দেন।খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মানিব্যাগ ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে ইতালীয় দণ্ডবিধির ‘রাপিনা আগ্রাভাতা’ (Rapina Aggravata) বা ‘গুরুতর ডাকাতি’র ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিকে, আহত বাংলাদেশি ব্যবসায়ীর এই সাহসিকতা স্থানীয় কমিউনিটি এবং ইতালীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রবাসীদের এমন প্রতিরোধ অপরাধীদের মনে ভীতির সঞ্চার করবে।
তথ্য সুত্র : রোমা ট্রুডে / হ্যালো ইতালি
ডাকাতকে ধাওয়া করে ধরলেন আহত বাংলাদেশি ব্যবসায়ীর রোমে
আপডেট:

