বিশেষ প্রতিবেদক,ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্রে একজন সুপরিচিত নারী সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ দুপুরে ভ্যাটিকানের সন্নিকটে প্রাতি (Prati) এলাকার ব্যস্ত সড়ক ‘ভিয়া দেল্লা জিউলিয়ানা’ (Via della Giuliana)-তে এই ঘটনা ঘটে।আহত নারীর নাম ক্রিস্টিনা স্তিলিতানো (Cristina Stillitano)। ৫০ বছর বয়সী এই ইতালীয় নাগরিক পেশায় একজন সাংবাদিক ও লেখিকা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই তিনি কাঁধে এবং বাহুতে প্রচণ্ড আঘাত অনুভব করেন। পরবর্তীতে বোঝা যায়, তিনি কোনো অজ্ঞাত দূরবর্তী স্থান থেকে চালিয়াছে গুলিতে আহত হয়েছেন।প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সড়কের পাশের কোনো ভবনের জানালার আড়াল থেকে এয়ার কম্প্রেসড গান (বায়ুচালিত বন্দুক) বা পেলেট গান ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবহৃত বুলেট বা ছররাটি শক্ত প্লাস্টিক, সিরামিক অথবা সিসার তৈরি মাশরুম আকৃতির এয়ারগান পেলেট হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।এই রোমাঞ্চকর ও আশঙ্কাজনক ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার বেশ কয়েকজন বাসিন্দার দাবি, ওই নির্দিষ্ট সড়কে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। তাদের অভিযোগ, অজ্ঞাত এক মানসিক অসুস্থ বা দুষ্কৃতকারী এর আগেও ভবনের জানালা থেকে একইভাবে নারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।ঘটনার খবর পেয়েই রোমের প্রাতি স্টেশনের প্যারা সামরিক পুলিশ বাহিনী ‘ক্যারাবিনিয়েরি’ (Carabinieri) ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এর মধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। পুলিশ আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

