রোম ডেস্ক : ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে সফরের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ-এর আগামীর বাজেট, অর্থনীতি, জ্বালানি সংকট ও অনিয়মিত অভিবাসন রোধের মতো বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়।বৈঠকের মূল সিদ্ধান্ত ও আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো ২০২৮–২০৩৪ মেয়াদের প্রস্তাবিত ইউরোপীয় বাজেটে ‘সাধারণ কৃষিনীতি’ (CAP) এবং আঞ্চলিক সংহতি তহবিলের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।প্রশাসনিক ব্যয় সংকোচন, নতুন বাজেটের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নে নতুন করে কোনো প্রকার কর আরোপ করার বিপক্ষে অবস্থান নিয়েছে ইতালি। পরিবর্তে ইউনিয়নের প্রশাসনিক ব্যয় কমানোর শর্ত আরোপ করেছে দেশটি। বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে সমগ্র ইউরোপজুড়ে চলতে থাকা জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই নেতাই একমত পোষণ করেন। অনিয়মিত অভিবাসন মোকাবিলায় ইইউ-এর নতুন ‘রিটার্ন রেগুলেশন’ বা দ্রুত প্রত্যাবাসন নীতিমালা বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, ইউরোপের বহিঃসীমান্তে পাহারা জোরদার করা এবং অভিবাসীদের মূল ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

