ফেনী প্রতিনিধি:বাংলাদেশের ৬৪ জেলায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আজ ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার ফেনীর মান্যবর জেলা প্রশাসক মিজ মনিরা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সবুজ বিপ্লব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনকালে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই দূরদর্শী অঙ্গীকার বাস্তবায়নে ফেনী জেলা প্রশাসন বদ্ধপরিকর।” এ সময় তিনি জেলার সর্বস্তরের মানুষকে “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে বুকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বন বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক মহোদয় নিজে একটি চারা গাছ রোপণ করেন এবং উপস্থিত সবার মাঝে চারা বিতরণ করা হয়।

