রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গতকাল
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুরুতে তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।তার আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।পুলিশ আরও জানায়, নিহত টিটন ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীর ২৩ জনের তালিকায় ২ নম্বর আসামি খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। তিনি আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। টিটনের ছোট বোনকে বিয়ে করেছেন ইমন।মূলত ইমনের দাপটেই তিনি অপরাধ জগতে প্রভাব বিস্তার করেন বলে আলোচনা আছে। টিটনের সঙ্গে ইমনের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।পুলিশ জানায়, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।তিনি ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।পরে টিটনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শীর্ষ সন্ত্রাসী টিটন রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত
আপডেট:

