সোমবার, জুন ১, ২০২৬

ফেনীর সোনাগাজীতে বিএনপির আলোচনা সভায় মঞ্চে দুই ওসি সমালোচনা

আপডেট:

ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভার মঞ্চে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমানের উপস্থিতিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার তৈরি হয়েছে।রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে সোনাগাজী পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে শেখ ফরিদ বাহার, আলা উদ্দিন আলালসহ জেলা-উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে সোনাগাজী থানার ওসি কামরুল ইসলামকে মঞ্চে প্রধান অতিথির পাশের আসনে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের পাশে বসে থাকতে দেখা যায়। একইসাথে দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমানও মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতাকর্মীদের সাথে অবস্থান করেন। তাদের এ উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে ওঠেছে। অনেকেই এ ঘটনাকে সরকারি চাকরিবিধি ও পেশাগত নিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন।উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, ‘ওসি আমাদের আমন্ত্রিত অতিথি নন, মন্ত্রীর নিরাপত্তার প্রটোকলে এসে মঞ্চে বসেন, পরে তাকে উঠানো অসম্ভব হয়নি।’সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমি মন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তার পাশের একটি চেয়ারে বসা ছিলাম। তবে কোনো বক্তব্য দেইনি।’এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সাইফুল ইসলাম বলেন, ‘ছবি দেখে অবাক হয়েছি। পোশাক পরিহিত অবস্থায় পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না। সোনাগাজী ও দাগনভূঁইয়া থানার ওসি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত