সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ● ১৯ জুলাই ২০২৬
ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র ৪০ সেকেন্ডের এক আকস্মিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ৩৫টি পরিবার। রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এই প্রলয়ঙ্করি ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে ধেয়ে আসে এই টর্নেডো। এক মিনিটেরও কম সময় স্থায়ী এই ঝড়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের পলকে ধুমড়েমুচড়ে যায় ঘরবাড়ি ও গাছপালা। টর্নেডোর আঘাতে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে, শতাধিক গাছপালা ভেঙে পড়েছে এবং ছোট-বড় প্রায় ২০টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখন চরম হতাশা ও আর্তনাদ বিরাজ করছে।
গ্রামের বয়োবৃদ্ধ সাহাব উদ্দিন (৭০) আতঙ্কিত কণ্ঠে বলেন:”আমার ৭০ বছরের জীবনে এই এলাকায় এমন ভয়াবহ রূপ আর কখনো দেখিনি। চোখের পলকে কী যে হয়ে গেল! হঠাৎ মনে হচ্ছিল যেন কেয়ামত নেমে এসেছে।”ঘটনার পর পরই উপদ্রুত এলাকা পরিদর্শন করেন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন। তিনি বলেন, “খবর পেয়েই আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রাথমিক ধারণামতে, এই ঝড়ে এলাকায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের সরকারি সহায়তার আওতায় আনার জন্য আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।”এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভায় যুক্ত থাকার কারণে ঘটনাস্থল পরিদর্শনে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দ্রুতই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডোতে লণ্ডভণ্ড ৩৫ পরিবার, কোটি টাকার ক্ষতি
আপডেট:

