জেলা প্রতিনিধি , ফেনী:পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য জেলা হিসেবে ফেনীকে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জেলাব্যাপী ‘ক্লিন ফেনী’ কর্মসূচি।সোমবার (০৩ আগস্ট, ২০২৬) জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক।কর্মসূচির শুরুতেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতালসহ জনসমাগমস্থলে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা, জম জমে থাকা আবর্জনা দ্রুত অপসারণ এবং সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।জেলা প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফেনীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল জেলা হিসেবে গড়ে তুলতে এই কার্যক্রম শুধু একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এ লক্ষ্য অর্জনে জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে ‘ক্লিন ফেনী’ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।

