যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন ভাবতাম- হাই স্কুলে উঠলে আমি বড় হয়ে যাবো।আমাকে কেউ আর ছোট বলবে না।এরপর যখন হাই স্কুলে উঠলাম তখন হতাশ হলাম। না আমি বড় হইনি।স্যারেরা এখনো কান ধরায়, বেত দিয়ে মারে।বড় ভাইয়েরা বলে তুমি বুঝবে না, তুমি এখনো ছোট।তারপর আবার আশায় বুক বাধি,ভাবি- এস এস সি পাশ করার পর যখন কলেজে উঠবো, তখন আমি আসলেই বড় হয়ে যাবো, স্বাধীন হবো।কিন্তু বিধিবাম কলেজে উঠেও দেখি বড়রা বলে- ‘তোমাদের এখনো বয়স কম,বাবার হোটেলে খাও তাই রক্ত গরম।’ তারপর ভাবলাম,মাস্টার্স শেষ করলেতো আমি আসলেই বড় হয়ে যাবো। যা ইচ্ছে করতে পারবো। আমি স্বাধীন হয়ে যাবো। মাস্টার্স শেষ করে দেখি, আমার চাকরি নেই,
আমি এখনো বড় হইনি।কলেজে চাকরি হল,শিক্ষক হিসেবে যোগ দিলাম,যোগ দিয়ে দেখি আমি সবার জুনিয়র। সিনিয়র শিক্ষকরা বলে তোমার এখনো অভিজ্ঞতা হয়নি বুঝতে সময় লাগবে।এরপর বিয়ে করলাম, তাও সবাই বলে,নতুন বিয়ে করেছ সময় হলে বুঝবে।
এখন আমার মা – বাবা নেই, আমার সন্তান আছে। আমি বড় হয়েছি।তবে মনে হয়, বড় না হলেই ভালো হতো।আবার যদি ছোট হতে পারতাম।যদি ফিরে যেতে পারতাম সেই শৈশব কৈশোরে,কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে। যেখানে আছে বড় হওয়ার স্বপ্ন। ঐ স্বপ্নের মধ্যেই আনন্দ। বাস্তবে বড় হওয়ার মধ্যে কোন আনন্দ নেই।কোন ফেরেস্তা আমাকে যদি বলতো তুমি কি চাও? আমি তাঁর কাছে আমার কৈশোর ফিরে পেতে চাইতাম।
জীবনের ৫০ টি বসন্ত পেরিয়ে বড় হয়েছি — কবি সাইফুদ্দীন শাহীন
আপডেট:

