বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

স্বপ্ন দেখি তার মতো হয়ে ওঠার—আলাউদ্দিন আলাল

আপডেট:

আলাউদ্দিন আলাল
রাজনীতিবীদ
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব

নীলনয়নার চোখে নিজেকে খুঁজে পাওয়া বালক থেকে বাস্তবতার কঠিন সমীকরণে পথচলা এক মানুষের গল্প যেন আমার জীবনের প্রতিচিত্র ।শৈশবে ছিলাম মায়ের মমতা ও শাসনের মাঝে বন্দী । তখন আমাদের ঘরে লকু নামের এক রাখাল ছেলে ছিল, যার দুরন্তপনায় ছিল বুনো আকর্ষণ । লকু আমার মায়ের ধান নারিকেল বিক্রি করতো , সেখান থেকে টাকা মেরে সিনেমা দেখতো । সে সিগারেট নিয়ে আসতো দুজন লুকিয়ে টানতাম । সিনেমার গল্প শোনাতো , নতুন ছবি ( সিনেমা ) কি আসছে তা জানাতো , পকেটমারের কাহিনি বলতো , বা রামপুর হোটেলের বোম্বাই হালুয়ার স্বাদ বর্ণনা করতো , আমার ভেতরেও জন্ম নিত অজানার প্রতি তীব্র আকর্ষণ । তার স্বাধীনচেতা জীবন আমাকে শাসনের গণ্ডি পেরিয়ে পালাতে প্রলুব্ধ করত ।
তারপর এল কিশোরবেলা—ফুটবলের নেশায় বুঁদ হয়ে নিজেকে কায়সার হামিদ ভাবা, কলেজের প্রেমকাহিনির রোমান্টিকতা থেকে পাশা ভাইয়ের মতো নায়ক হয়ে ওঠার স্বপ্ন দেখা । নীলনয়নার গভীর চোখে নিজেকে খুঁজে পাওয়া, কিন্তু প্রেম নিবেদনের আগেই তার হারিয়ে যাওয়া— আমার ভালোবাসা মাঠে মারা যায় । এ যেন এক অসমাপ্ত গল্পের রঙিন অধ্যায় ।তারপর রাজনীতির টানাপোড়েন। চাওয়া-পাওয়ার জটিল অঙ্কের জালে জড়িয়ে পড়লাম । রাজনীতি আমায় ছাড়েনি , আমিও তাকে ছাড়তে পারিনি। সময়ের ঘূর্ণিপাকে ভয়ংকর এক অধ্যায় এলো—সন্ত্রাস , হত্যা , রক্তপাত । ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর ক্ষতিগ্রস্ত সবাই ফিরে গেলো আপন গৃহে , কিন্তু আমি দেখলাম আরেক বাস্তবতা—জনপ্রতিনিধিত্বের বাস্তব রূপ ।
ফেনীর দক্ষিনাঞ্চল এর এক তরুণ নেতা , যে আমাদের কাছারিতে থাকতো । সে ছিল নিশাচর প্রতিশোধপরায়ণ । গ্রামে নির্বাচিত হলো মেম্বার , তার চোখে আমি দেখলাম রাজনীতির অন্য এক রূপ । ফেনী এলে সে আসতো আমার কাছে , কখনো বিদ্যুতের বিল , কখনো বাজারের পর্দ , কখনো ঔষধের খালি পাতা হাতে । জানতে চাইলে বলতো, ” মাঠে টিকে থাকতে হলে এসব করতেই হয় , যারা শহরে আসতে পারেনা তাদের কাজ করা “তার সংগ্রাম, তার কঠোর বাস্তবতা আমার স্বপ্নের বীজ বুনে দিলো । আজ আমি তাকেই অনুকরণ করি , স্বপ্ন দেখি তার মতো হয়ে ওঠার—একজন যিনি বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে মানুষকে ভালোবেসেছেন , মানুষের জন্য লড়েছেন ।
আমার স্বপ্নের মানুষ—সে কি লকুর মতো স্বাধীন ? নীলনয়নার প্রেমিক ? পাশা ভাইয়ের রোমান্টিকতা ? নাকি মেম্বারের বাস্তবতা ?হয়তো আমি নিজেই আমার স্বপ্নের মানুষের পথে হেঁটে যাচ্ছি ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত