বুধবার, মার্চ ২৫, ২০২৬

ছাগলনাইয়ায় মাদক ও মাটি খেকোদের বিরুদ্ধে ‘পঞ্চগ্রাম’বাসীর রুখে দাঁড়ানো: আটক ১

আপডেট:

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘পঞ্চগ্রাম’ এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে সামাজিক বিচারের মুখোমুখি করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
​পটভূমি ও ঐতিহ্যের পুনর্জাগরণ উল্লেখ্য, স্বাধীনতা উত্তরকালে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলম মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ উল্ল্যার নেতৃত্বে শিক্ষা, সাহিত্য ও ক্রীড়া চর্চার মাধ্যমে অনগ্রসর যুবসমাজকে একত্রিত করতে গঠিত হয়েছিল ‘অগ্রণী সংসদ’। এই সংগঠনের মাধ্যমেই এলাকায় প্রতিষ্ঠিত হয় ‘অগ্রণী উচ্চ বিদ্যালয়’। তবে গত ২৫ বছর যাবত সংসদের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এলাকায় মাদক ব্যবসা ও মাটি কাটাসহ নানা অপকর্ম জেঁকে বসে। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর এলাকার সচেতন ছাত্র-জনতা পুনরায় সংগঠিত হতে শুরু করে।বর্তমান প্রতিরোধ ও অভিযান প্রফেসর মোহাম্মদ উল্ল্যার সন্তান ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্য সম্পাদক মনজুর মোর্শেদ পিন্টুর নেতৃত্বে গত কয়েকদিন ধরে এলাকায় অবৈধ মাটি কাটা প্রতিরোধ ও মাদকবিরোধী প্রচারণা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় আজ মাদক বিক্রিকালে একজনকে হাতেনাতে আটক করে জনতা।স্থানীয়দের অভিযোগ, এলাকার মাদক কারবারিদের সাথে পুলিশের একটি মহলের যোগসাজশ রয়েছে, যার ফলে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। জনরোষের মুখে এবং এলাকার শান্তি রক্ষায় আজ মাদকসহ ধৃত ব্যক্তিকে সামাজিক ও পারিবারিকভাবে শাসন করে ভবিষ্যতে এ পথে না আসার অঙ্গীকার নিয়ে মুক্তি দেওয়া হয়।এলাকার অভিভাবক ও যুবসমাজ জানায়, “পঞ্চগ্রামের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। শিক্ষা ও সংস্কৃতির যে মশাল আমাদের পূর্বসূরিরা জ্বালিয়েছিলেন, মাদক বা মাটি দস্যুদের তা নিভিয়ে দিতে দেওয়া হবে না। এখন থেকে সামাজিক ভাবেই যেকোনো অপরাধ দমন করা হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত