নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১৩ এপ্রিল, ২০২৬
ফেনী জেলায় কর্মরত সংবাদপত্র বিপণনকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এক প্রচারবিমুখ মানবিক মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর ডিজিটাল মাধ্যমের ভিড়ে যখন সংবাদপত্র বিক্রয় করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বিপণনকর্মীরা, ঠিক তখনই তাদের মুখে হাসি ফোটাতে উপহার হিসেবে উন্নতমানের শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।ফেনীর সংবাদপত্র বিপণনকর্মীরা বর্তমানে চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিনযাপন করছেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই শুরু হয় তাদের কর্মব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনভর পত্রিকা হাতে দ্বারে দ্বারে ঘুরে যে সামান্য আয় হয়, তা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। পাঠক এখন প্রিন্ট পত্রিকার চেয়ে টিভি বা ফেসবুকের দিকে বেশি ঝুঁকে পড়ায় তাদের আয়ের পথ আরও সংকুচিত হয়ে আসছে। প্রতিনিয়ত “কিভাবে চলবে সংসার?”—এমন দুশ্চিন্তাই তাদের নিত্যসঙ্গী।বিপণনকর্মীদের এই দুর্দিনে এগিয়ে এসেছেন একজন হৃদয়বান ব্যক্তি, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক। তার পক্ষ থেকে দেওয়া এই উপহার সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিপণনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদ।
রাজু আহমেদ, সাধারণ সম্পাদক, ফেনী জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদ।সংগঠনের অন্যান্য সাধারণ সদস্য ও বিপণনকর্মীবৃন্দ।
”মানুষ এখন পত্রিকা কম পড়ে, সবাই ফেসবুকে মগ্ন। আমাদের আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। এই উপহারটুকু আমাদের জন্য অনেক বড় পাওয়া।” — আবেগ আপ্লুত হয়ে জানান এক বিপণনকর্মী।নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে অবহেলিত এই কর্মীরা অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত। উপহার গ্রহণ শেষে তারা অজ্ঞাতনামা ওই অনুদানদাতা ও তাঁর পরিবারের সুস্থতা এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিপণনকর্মীদের এই মানবিক সংকটকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ তাদের কাজের প্রতি মনোবল ধরে রাখতে সাহায্য করবে।
ফেনীতে সংবাদপত্র বিপণনকর্মীদের মুখে হাসি” মানবিক ব্যক্তির পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি”” উপহার
আপডেট:

