ফেনী প্রতিনিধি:দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া ফেনী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার তৈরি প্রকল্পকে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুরে অবস্থিত ‘জৈব সার উৎপাদন কেন্দ্র’ সরজমিনে পরিদর্শন করেছেন ফেনী পৌরসভার বর্তমান প্রশাসক।সম্প্রতি পৌর এলাকার ০৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে অবস্থিত কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় প্রশাসক পুরো এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্পটিকে পুনরায় কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা, সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল জিসান এবং উপসহকারী প্রকৌশলী বিপ্লব কুমার নাথ।
দীর্ঘদিনের ক্ষোভ ও নতুন আশা:উল্লেখ্য, ফেনী পৌরসভার বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণ ও তা থেকে জৈব সার তৈরির লক্ষ্যে এ প্রকল্পটি গ্রহণ করা হলেও তা এতদিন আলোর মুখ দেখেনি। এ নিয়ে ফেনীর সচেতন সুশীল সমাজ ও সাংবাদিকরা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন এবং আলোচনা-সমালোচনা চালিয়ে গেছেন। ইতিপূর্বে সাবেক পৌর প্রশাসক (বর্তমানে বাগেরহাট জেলার জেলা প্রশাসক) গোলাম মোহাম্মাদ বাতেন প্রকল্পটিকে সচল করতে একাধিক চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা থমকে যায়।ময়লা-আবর্জনা সুনির্দিষ্ট নিয়মে পৃথকীকরণ (সেগ্রিগেশন) এবং তা প্রক্রিয়াজাত করে কবে নাগাদ জৈব সার উৎপাদন শুরু হবে—তা জানতে প্রায় চার লাখ পৌরবাসীর দীর্ঘদিনের অপেক্ষা। পৌর প্রশাসকের এই সাম্প্রতিক পরিদর্শনে পৌরবাসীর মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেন্দ্রটি দ্রুত চালু করা গেলে ফেনী শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ও গতি আসবে।এখন দেখার বিষয়, প্রশাসকের এই উদ্যোগ ও দিকনির্দেশনার পর কত দ্রুত এ সার উৎপাদন কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে সচল হয়।
বর্জ্য ব্যবস্থাপনা চালুর নতুন আশা ‘ফেনী পৌরসভার জৈব সার উৎপাদন কেন্দ্র পরিদর্শন’
আপডেট:

