শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ইতালির রোমে ৪ অভিবাসীর উপর বন্দুক দিয়ে হামলা তদন্তে পুলিশ

আপডেট:

রোম: ইতালির রাজধানী রোমের পূর্ব উপকণ্ঠে চার বিদেশি নাগরিককে লক্ষ্য করে এয়ার বার্স্ট/পেলেট বন্দুক দিয়ে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পর পর সংঘটিত এই হামলায় পাকিস্তান, ভারত ও নাইজেরিয়ার চার নাগরিক আহত হয়েছেন। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে; চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের আঘাত গুরুতর নয়।
​পুলিশি সূত্রে জানা গেছে, একটি হালকা রঙের গাড়ি থেকে অতর্কিতে এই গুলি চালানো হয়। রোমের টরে অ্যাঞ্জেলা, রোমানিনা এবং তোর সাপিয়েনজা এলাকায় পর্যায়ক্রমে এই হামলা পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
​আহতদের মধ্যে ৩৫ বছর বয়সী এক পাকিস্তানি রাইডার রয়েছেন, যিনি কর্মব্যস্ত সময়ে কাজ করার সময় এই অতর্কিত হামলার শিকার হন।তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আক্রমণকারীরা হামলা চালানোর সময় সরাসরি কোনো বর্ণবাদী মন্তব্য বা গালাগাল করেনি। তবে পুরো ঘটনার ধরণ দেখে তদন্তকারীরা এটি একটি পরিকল্পিত ‘বিদেশি শিকার’ (Xenophobic Attack) বা ‘হেইট ক্রাইম’ (Hate Crime) কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই হামলায় হয়তো আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন, তবে আইনি ঝামেলা বা ভয়ের কারণে তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাননি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত